আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৫, ২১:৩১

সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত একাধিক মামলার আসামি মো. আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত আব্দুল খালেক মোল্লা ঢাকার আশুলিয়া থানাধীন নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। হত্যাচেষ্টা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এএইচপি