খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত দিলীপ কুমারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। কয়েক দিন ধরে একটি সন্ত্রাসী চক্র দিলীপ কুমার সরকারের কাছে চাঁদা দাবি করে আসছিল। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
আজ সকাল ১০টার দিকে বাড়ি থেকে হেঁটে স্কুল যাচ্ছিলেন এসময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি তার বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবির জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
