মানসিক চাপ কমাতে লাইক গোপন রাখছে ইনস্টাগ্রাম

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৩৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত লাইক শিকারির সংখ্যা কম নয়! তবে এ প্রবণতা বিশেষ করে তরুণদের মনে বিরূপ প্রভাব ফেলছে বলে নানা গবেষণায় উঠে এসেছে। সোশ্যাল প্ল্যাটফরমগুলোর কারণে তরুণ প্রজন্মের মধ্যে আত্মমর্যাদাবোধ ও আত্মবিশ্বাসের পাশাপাশি নিজের সম্পর্কে নিচু ধারণা পোষণের প্রবণতা বাড়ছে বলে গবেষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন একটি বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুকের ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইনস্টাগ্রাম। শুধু ছবি দিয়ে নিজেকে উপস্থাপনের এ প্ল্যাটফরম তরুণদের মনে বেশি প্রভাব বিস্তার করছে বলে ধারণা করা হয়। এ কারণে কয়েকটি দেশে ব্যবহারকারীর পোস্টে লাইক সংখ্যা দেখানো বন্ধ করেছে ইনস্টাগ্রাম।

গত মে মাসেই কানাডায় এটি পরীক্ষামূলক শুরু করে ইনস্টাগ্রাম। এখন নতুন করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান ও ব্রাজিলে শুরু করা হয়েছে। এসব দেশে ইনস্টাগ্রামে কোনো পোস্টের নিচে পোস্টদাতা লাইক সংখ্যা দেখতে পারছেন না। তবে কারা তার পোস্টে লাইক দিয়েছেন, সেটি তিনি দেখতে পারবেন।

এ ব্যাপারে ফেসবুকের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নীতিবিষয়ক পরিচালক এক বিবৃতিতে বলেন, আমরা আশা করি, নতুন এ পদ্ধতিতে পোস্টে লাইক পাওয়া নিয়ে উদ্বেগের অবসান ঘটবে। পাশাপাশি ব্যবহারকারীরা লাইকের বদলে নিজের গল্প বলার দিকেই বেশি মনোযোগ দেবেন। তবে এটির কারণে ইনস্টাগ্রামের লাইকভিত্তিক পরিমাপক টুলে কোনো প্রভাব পড়বে না। ফলে যারা ইনস্টাগ্রাম থেকে পোস্টের মাধ্যমে আয় করেন, তাদের উদ্বেগের কোনো কারণ নেই। তাছাড়া ব্যবহারকারীরা যেকোনো পোস্টে ক্লিক করলেই সেটিতে আর কারা লাইক দিয়েছেন, তাদের একটি তালিকা দেখতে পারবেন। কানাডায় প্রথম যখন পরীক্ষাটি চালানো হয়, তখন ফেসবুকের ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছিলেন, পোস্টে লাইক পাওয়া নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একটি প্রতিযোগিতার মানসিকতা রয়েছে। এটি নিয়ে উদ্বেগ বা চাপ কমানোই আমাদের লক্ষ্য।          সূত্র : বিবিসি