ব্যাঙ্গালোরে চারদিনের ম্যাচের টুর্নামেন্ট খেলছিলেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান না থাকায় শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পড়ে তাইজুলের। পরে সাইফউদ্দিনের ইনজুরিতে ডাক পান তাসকিন। লাল বল থেকে কয়েকদিনের ব্যবধানে সাদা বলের ক্রিকেটে নামতে হচ্ছে তাদেরকে।
গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন তাইজুল-তাসকিন। অনেকটা ‘আহত’ বাঘ হয়েই যেন শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। সাকিব, লিটন দাস ছুটি নিয়েছেন। শেষ মুহূর্তে চোটের কারণে সফর থেকে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাইফউদ্দিন। অধিনায়কের দায়িত্ব এসে পড়ে তামিম ইকবালের উপর।
গতকাল প্রেমাদাসায় বাংলাদেশের ৯ ক্রিকেটার অনুশীলন করেছেন। বিকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন রুবেল হোসেন। আজ কলম্বো উড়াল দিবেন আরো চার ক্রিকেটার। আজ দুপুরের ফ্লাইটে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে যাবেন মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও ফরহাদ রেজা। তখনই পূর্ণতা পাবে বাংলাদেশ দলটা।
আগামীকাল সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে তামিম বাহিনী। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। আর বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা শুরু হবে আগামী ২৬ জুলাই।
হুট করে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তাইজুল। দলে একমাত্র বাঁহাতি স্পিনার তিনি। বোলিংয়ে সাকিবের দায়িত্বটাই পালন করতে হবে তাকে। ২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলা এই বাঁহাতি স্পিনার নিজেকে সাকিবের বদলি ভাবতে রাজি নন।
গতকাল প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে তাইজুল গণমাধ্যমকে বলেছেন, ‘আসলে সাকিব ভাইয়ের বদলি আমি আসি না। সাকিব ভাইয়ের দুই দিক আছে, উনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। আল্লাহর রহমতে আমি যদি ম্যাচ খেলি, আমি চেষ্টা করব উনার জায়গায় ভালো কিছু করার।’
অনেক অভিজ্ঞ ক্রিকেটার না থাকলে বাংলাদেশের দলটা স্বাগতিক লঙ্কানদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই বলে মনে করেন তাইজুল। গতকাল তিনি বলেছেন, ‘আসলে এখনও আমাদের দল যে জায়গায় আছে, ভালো জায়গায় আছে। শ্রীলঙ্কার চেয়ে আমাদের দল যে খারাপ, এটা কখনোই বলতে পারবে না। বরং এখানে যারা ভালো খেলবে, তারাই হয়তো ভালো রেজাল্টটা করবে। আমরা সবাই চেষ্টা করব ভালো খেলাটা খেলতে।’
