বিপিএলে আসছেন মরগ্যান-ডুমিনি

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৪৬

গত আসরে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এসে সমৃদ্ধ করে গিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিদেশি তালিকা। এবার এখনো পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া না গেলেও নতুন করে বিপিএলে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যান ও দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেডি ডুমিনি। এর আগেই এবারের বিপিএল খেলা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

গত সপ্তাহেই ইংল্যান্ডকে ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতানো মরগ্যান এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলবেন বলে জানিয়েছে দলটি। এটাই হতে যাচ্ছে এ ইংল্যান্ডের তারকার প্রথম বিপিএল অভিযান।

২০১৬ সালে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে আসেননি মরগ্যান। সেই সময় তিনি ও অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন। সে বছর জুলাই মাসে ঢাকায় একটি সন্ত্রাসী আক্রমণ হয়েছিল।

মরগ্যান এ পর্যন্ত ২৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৬৫২ রান করেছেন। তার টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১২৮.২৫। বিশ্বকাপের পর মরগ্যানের পরবর্তী অভিযান হবে ইউরো টি-টোয়েন্টি স্লাম। যেখানে তিনি ডাবলিন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন। এরপর মরগ্যান অংশ নেবেন বিপিএলে। আর এখানে তার দলের অধিনায়ক থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ তারকা সাকিব আল হাসান।

এদিকে রাজশাহী কিংস দলে ভিড়িয়েছে বর্তমানে একটু ফর্মের বাইরে থাকা দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনিকে। ডুমিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ দক্ষিণ আফ্রিকান হচ্ছেন রাজশাহীর ড্রাফটের বাইরের দুই বিদেশির একজন। আরেকজন কে হচ্ছেন, সেটা দলটির পক্ষ থেকে এখনো জানানো হয়নি।

ডুমিনি আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর নিয়মিত মুখ। তিনি আইপিএলে নিয়মিত খেলে থাকেন। কিন্তু এখন পর্যন্ত বিপিএল কখনো খেলেননি। ২০১৯ মৌসুমে আইপিএলেও ছিলেন না ডুমিনি। ২০১৮ মৌসুমটা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একমদই ভালো কাটেনি তার। সেই মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৬ ম্যাচে ৩৬ রান করেছিলেন তিনি। এরপর অবশ্য পিএসএলে দুটি ফিফটিসহ ২৫১ রান করেছেন। 

এর আগে প্রথম বিপিএল খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শেন ওয়াটসন। গত কয়েক মৌসুম ধরেই মাঝারি মানের দল করা খুলনা এবার দলে ভিড়িয়েছে সাবেক অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনকে। জাতীয় দল থেকে বেশ আগেই অবসর নিলেও এখনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে চলেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক।

খুলনা টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াটসনকে পুরো মৌসুমের জন্যই পাচ্ছে তারা। সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা এ বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভয়ানক মারকুটে অলরাউন্ডার ওয়াটসন। কিন্তু এখনো তিনি পরিচয়টা মাঠে দিতে পছন্দ করেন। এবার আইপিএলে গ্রুপ পর্বে একটি ৯৬ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু ছিল না। কিন্তু নক আউট পর্বে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫০ রানের ইনিংস খেলেছিলেন। তারপর ফাইনালে রক্তাক্ত শরীরে ৮০ রানের ইনিংস খেলে একাই দলকে শিরোপার কাছে নিয়ে গিয়েছিলেন; শেষ পর্যন্ত অবশ্য চেন্নাই জিততে পারেনি।