হারে হ্যাজার্ডের রিয়াল-অধ্যায় শুরু

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৫০

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এডেন হ্যাজার্ডের শুরুটা মোটেও ভালো হলো না। প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল। তারকাখচিত দল নিয়ে এমন হারের পর জিদান কিছুটা হতাশ হলেও ম্যাচটি থেকে ইতিবাচক দিকই খুঁজছেন রিয়াল কোচ।

গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই রিয়ালের ওপর ছড়ি ঘুরিয়েছে বায়ার্ন। ১৫ মিনিটে কোরেন্তিন তোলিসোর গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে বদলি হিসেবে মাঠে নামা রবার্ট লেভান্ডোভস্কি ও সার্জ নাব্রি গোল করলে ম্যাচটি রিয়ালের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ৮৪ মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক গোল করে রিয়াল ফরোয়ার্ড রদ্রিগো গোস দলের হয়ে ব্যবধান কমান।

রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে ৫০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন হ্যাজার্ড। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, চন্দ্রাভিযানের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ জার্সিতে মাঠে নেমেছিলেন বেলজিয়ান ফরোয়ার্ডটি। জার্সি নম্বরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দশ নম্বর জার্সির হ্যাজার্ডকেও খুঁজে পাওয়া যায়নি ম্যাচে। বায়ার্ন রক্ষণকে তেমন বিপদে ফেলতে পারেননি সাবেক চেলসি উইঙ্গার।

তবে রিয়াল কোচকে মোটেও চিন্তায় ফেলছে না ব্যাপারটি। ম্যাচের ফলাফল নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকলেও ইতিবাচক দিকেই দেখছেন জিদান। ফরাসি কোচের ভাষ্য, ‘আমরা ম্যাচের ফলাফল নিয়ে মোটেও সন্তুষ্ট নই। ম্যাচটা আমরা জিততেই চেয়েছিলাম। এখানে কিছু ইতিবাচক দিকও আছে। আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর দ্বিতীয়ার্ধে দল পুরোপুরি পাল্টে গিয়েছিল। চাপের মুহূর্তে কিছুটা সমস্যার মুখে পড়েছি আমরা।’

রিয়ালের অনেক ইতিবাচক ব্যাপারগুলোর মধ্যে একটি তরুণদের অভিষেক পারফর্মেন্স। ম্যাচের শেষ দিকে দারুণ এক ফ্রিকিকে গোল করেছিলেন তরুণ খেলোয়াড় রদ্রিগো। তবে সামগ্রিক পারফর্মেন্সে তাকে ছাপিয়ে গেছেন দলের তরুণ ফরোয়ার্ড তাকেফুসা কুবো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে বেড়ে ওঠা এ খেলোয়াড় ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে নজর কেড়েছেন সবার। কোচ জিদানেরও প্রশংসা কুড়িয়েছেন তিনি, ‘এটা ছিল কুবোর প্রথম ম্যাচ। আর প্রথম আনুষ্ঠানিক ম্যাচেই এমন পারফর্মেন্স সত্যিই গুরুত্বপূর্ণ ছিল।’

দল হারলেও এখনই হাল ছাড়ছেন না জিদান। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় ম্যাচে আর্সেনালের বিপক্ষে বড়ো পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তিনি, ‘আমরা এখনো প্রাক-মৌসুমেই আছি। দ্বিতীয় ম্যাচে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে। কে ম্যাচ শুরু করল, কে করেনি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।’

আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।