ফরোয়ার্ড গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনে বেশ কিছুদিন ধরেই মুখরিত রিয়াল মাদ্রিদের গণমাধ্যম। গতকাল রবিবার দলটির কোচ জিনেদিন জিদানের বক্তব্যে ওয়েলস ফরোয়ার্ডের রিয়াল ছাড়ার ব্যাপারটা একরকম পরিষ্কারই হয়ে গেছে। রিয়াল কোচ জানিয়েছেন, যত শিগগিরই সম্ভব তার দলবদলের কাজটা সেরে ফেলতে চায় তার দল।
চলতি মাসের শুরুতেই বেলের দলবদলের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন খেলোয়াড়টির এজেন্ট জোনাথন বার্নেট। তারপরও তার ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে গুঞ্জন চলছিলই। স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছিল তার সাবেক দল টটেনহ্যাম হটস্পার তাকে দলে ভেড়াতে ইচ্ছুক। এমনকি খেলোয়াড়টির জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরো খরচও করতে চায় দলটি। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ কিছুটা বেশি মূল্য আশা করছিল বলে জানিয়েছিল স্প্যানিশ পত্রিকাটি।
রিয়াল সর্বশেষ ম্যাচে বায়ার্নের বিপক্ষে তারকাখচিত দল নিয়ে খেললেও তাতে জায়গা মেলেনি বেলের। এমনকি দল তিন গোলে পিছিয়ে পড়লেও তার শরণাপন্ন হননি কোচ জিদান। এ ব্যাপারে তিনি বলেন, ‘বেল খেলেনি কারণ আমাদের ক্লাব তাকে বিক্রি করার চেষ্টা করছে।’ জিদান এটাও জানান যে যত শিগগিরই সম্ভব এই সমস্যার সমাধান চায় তার দল। তিনি বলেন, ‘যদি সে কালকেই দল ছেড়ে চলে যায় তাহলেই ক্লাবের জন্য ভালো হবে।’ তবে বেলকে দল থেকে বাদ দেওয়ার পেছনে ব্যক্তিগত কোনো কারণ কাজ করেনি বলে জানালেন জিদান, ‘এতে ব্যক্তিগত কিছু নেই। বেলের বিরুদ্ধে আমার কোনো কিছুই নেই। কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। এমনও সময় আসে যখন পরিবর্তন প্রয়োজন হয় আমাদের। এবং সবার ভালোর জন্যেই তাদের আলাদা হয়ে যেতে হয়।’
দিন কয়েক আগেও দলে থাকতে চেয়েছিলেন বেল। এবার জিদান জানালেন দলবদলের সিদ্ধান্তে সায় আছে বেলেরও! রিয়াল কোচ বলেন, ‘ছেড়ে যাওয়াটা কোচের সিদ্ধান্ত এবং একই সঙ্গে খেলোয়াড়েরও। তারা সবাই অবস্থাটা ভালোভাবে বুঝেন।’
