বালিকাদের নিয়েও ফুটবল টুর্নামেন্ট করবে ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) গতবার আয়োজন করে দেশের ফুটবলে ব্যাপক সাড়া ফেলেছিল। লাখ লাখ তরুণদের পায়ে ছড়িয়ে পড়েছিল ফুটবল। আগামী দিনের স্বপ্নের পথ দেখিয়েছিল। দেশের তৃণমূল পর্যায়ে এমন ফুটবল আয়োজন এখন সবাইকে আরো উপরে ওঠার সিঁড়ি করে দিচ্ছে। কারণ প্রথম আসর হতেই বাছাইকৃত চার ফুটবলার ব্রাজিলে গিয়েছে উন্নত প্রশিক্ষণ নিতে। সেই তরুণদের ব্রাজিলে যাওয়ার গল্প নতুন ফুটবলারদের প্রেরণা দেয়। মাঠে আসার তাগিদ দেয়। ক্রীড়া মন্ত্রণালয় সেই সব তরুণদের চোখে স্বপ্নের বুনন দিয়ে আবারও অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর হতে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে নতুন সংযোজন হচ্ছে ছেলেদের পাশাপাশি এবার মেয়েদের নিয়ে একই আদলে এই টুর্নামেন্ট আয়োজন করবে মন্ত্রণালয়। ছেলেদের টুর্নামেন্ট শুরু হয়েছিল ইউনিয়ন পর্যায় হতে আর মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে উপজেলা হতে।

মেয়েদের আয়োজনটা নিয়ে গতবছরই তত্পরতা শুরু করেছিল। কিন্তু এবার সেটা মাঠে গড়ানোর ব্যাপারে শক্ত অবস্থানে। এই সংক্রান্ত জাতীয় কমিটির সভায় ক্রীড়া মন্ত্রণালয়ে গেছে কাল। আলোচনায় শুধু বালক-বালিকা নিয়েই আলোচনা হয়নি, সঙ্গে আরো নতুন কি আয়োজন করা যায় তা নিয়েও বৈঠকে কথা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কলেজ পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে মন্ত্রণালয়। কলেজে বড়ো সংখ্যক তরুণ রয়েছেন যারা ফুটবলের প্রতি ভীষণ আগ্রহী। মন্ত্রণালয় মনে করছে যত বেশি তরুণ-তরুণীদের খেলায় আনা যাবে সমাজ তত বেশি অপরাধ মুক্ত হবে।

বালক টুর্নামেন্টের উদ্বোধন কোথা হতে হবে তা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে জানানো হবে। প্রথম আসর শুরু হয়েছিল নেত্রকোনা বারহাট্টা হতে। এবার রাজশাহী, রংপুর, গোপালগঞ্জ কিংবা গাজীপুর হতেও এই টুর্নামেন্টের উদ্বোধন হতে পারে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে গতকাল এই সংক্রান্ত জাতীয় কমিটির সভায় হারুনুর রশিদ, বাদল রায়, শেখ মো. আসলাম, মাহমুদ হোসেন খান দুলাল, বাফুফে, শিক্ষা বোর্ড, বিকেএসপি, এনএসসি, মহিলা ক্রীড়া সংস্থা, গার্লস গাইড, সিটি করপোরেশন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।