ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
ভেড়ামারায় অপহূত স্কুলছাত্র আশিকের (১৩) বাক্সবন্দি লাশ সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশী মিশুকের বাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এদিকে স্কুলছাত্র আশিককে অপহরণ ও হত্যাকারী মিশুক মঙ্গলবার দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করেছে।
আশিকের বাবা কুতুব উদ্দিন বলেন, রবিবার সকালে আশিককে প্রতিবেশি মিশুক ডেকে নিয়ে যায়। বিকালে এক ব্যক্তি আমার মোবাইল ফোন দিয়ে বলে, তোর ছেলে আশিক আমার কাছে আছে, আধা ঘণ্টার মধ্যে ৫০ হাজার টাকা ম্যানেজ করে দিবি। তা না হলে তাকে মেরে ফেলবো। পরে মিশুকদের বাড়ি গিয়ে দেখি আশিক সেখানে নেই। মিশুকও ছিল না বাড়িতে। তাকে ফোন করা হলে জানায় যে তার সঙ্গে আশিক নেই। তবে যে মোবাইল নম্বর থেকে টাকা চেয়েছে ওই নম্বর মিশুকের ছোট ভাই আসিফের মাধ্যমে চেক করিয়ে দেখি সেটি তার। একদিন পার হলেও ছেলেকে খুঁজে না পেয়ে থানায় মামলা দায়ের করি।
অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, মামলার পর পুলিশ মিশুক ও তার ভাই আসিফকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছি। মিশুকের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ি থেকে আশিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
