গত দুই দিন যাবত সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২২ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সঙ্গে চৌহালি ও কাজিপুরে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, জেলা প্রশাসন বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুল হক বলেন, জেলার প্রায় ছয় হাজার চারশ হেক্টর জমির পাট, রোপা আমন, আউশ ও সবজির ক্ষেত বন্যায় আক্রান্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
আরও পড়ুন: ৩০ বছর পর নবযৌবনে বড়াল, বইছে আনন্দস্রোত
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, এ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নের ১৮১টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এসব গ্রামের ২১ হাজার ৫৫২ পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার্তদের বিতরণের জন্য ৪৯৪ টন চাল ও আট লাখ টাকা মজুদ আছে। ইতিমধ্যে ৩৭ মেট্রিক টন চাল ও দুই লাখ ৭৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে ।এছাড়া শুকনো খাবার বিতরণ অব্যাহত আছে।
ইত্তেফাক/অনি
