লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে এই যোগদান পর্ব। গত এক সপ্তাহের ব্যবধানে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিয়েছেন আওয়ামী লীগে। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহ-সভাপতি হাফেজ বাবুল, লালমোহন উপজেলা ছাত্রদল সভাপতি সামছুদ্দিন জসিম, লালমোহন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মঞ্জু পাটোয়ারী, লালমোহন পৌর ছাত্রদলের আহবায়ক জামাল শেখ এবং লালমোহন পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল বশার। এদের নেতৃত্বেই দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। ইউপি চেয়ারম্যান হাফেজ বাবুল বলেন, গত বারো বছর ধরে চেয়ারম্যান পদে থাকলেও এলাকায় রাজনীতি ও জনসেবা করতে পারিনি। সামনেও অন্ধকার দেখছি। যার জন্য আওয়ামী লীগে যোগ দিলাম। লালমোহন উপজেলা ছাত্রদল সভাপতি সামছুদ্দিন জসিম বলেন, শাওন ভাই তরুণ রাজনীতিবিদ। তরুণদের তিনি ভালো মূল্যায়ন করবেন। এই চিন্তা থেকেই যোগ দিয়েছি।
