আদালতের আদেশ প্রতিপালন না করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩১ জুলাই তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রি কলেজের ১৯ শিক্ষক-কর্মচারীর এমপিও দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই আদেশ বাস্তবায়ন না করায় হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন শিক্ষকরা।
