বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে প্রথম কিস্তির পাঁচ লাখ টাকা এক সপ্তাহের মধ্যে প্রদান করতে গ্রীন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
হাইকোর্ট রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে গ্রীন লাইন পরিবহনকে নির্দেশ দেয়। সেই হিসাবে তারা ৫ লাখ টাকা প্রদান করেছে। বাকি ৪৫ লাখ টাকা প্রতি মাসে কিস্তি আকারে পরিশোধের আদেশ দেয়; কিন্তু সেই আদেশ প্রতিপালন না করায় গ্রীন লাইনের আইনজীবী মো. অজিউল্লাহ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এরপর পরিবহন কোম্পানিটি অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। গতকাল ঐ আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, টাকা পরিশোধ করেছেন কি না? টাকা যাতে পরিশোধ করে তার জন্য কিস্তি করে দিয়েছি। আইনজীবী বলেন, সময় দিন। আদালত ২৮ জুলাই পর্যন্ত সময় দিয়ে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করে দেয়।
