আওয়ামী লীগ নেতার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:১৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাবেক এক আওয়ামী লীগ নেতার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর খাল পাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হাতে নিহত মো. রাহুল আহম্মেদ খান (১৭) সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মেদুলিয়া গ্রামের মো. নজরুল ইসলাম খানের ছোট ছেলে। 

রাহুলের বাবা নজরুল মেম্বার বলেন, রাহুল ও তার বন্ধুরা মিলে কামুড়া গ্রামে ঘুরতে গেলে ওই এলাকার কিশোরদের সঙ্গে রাহুলের এক বন্ধুর সাথে ঝামেলা হয়। এরই জেরে বন্ধুরা দৌঁড়ে পালিয়ে গেলেও তরিকুলসহ অন্তত ১০ জন দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে রাহুলকে কুপিয়ে জখম করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাহুল সম্পূর্ণ নির্দোষ ছিল।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি