নোয়াখালী জেলার সোনাইমুড়ির পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফকে (৫২) শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার দুপুরে ইউসুফকে আটক করে পুলিশ। প্রধান শিক্ষক ইউসুফের বাড়ি সোনাইমুড়ি উপজেলার কাশিপুর গ্রামে।
অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ গত একমাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতো। সে কয়েকজন ছাত্রীকে ধর্ষণেরও চেষ্টা করে। পরে ভুক্তভোগী ছাত্রীরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানায়। এর ভিত্তিতে শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকরা ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইউসুফকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তাকে গতকাল রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
