কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলার আসামি পিয়াস মিয়াকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার রাতে তাকে চট্টগ্রাম জেলার ডাবলমুরিং উপজেলার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। সে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি গ্রামের রুবেল মিয়ার ছেলে। রবিবার দুপুরে পাকুন্দিয়া থানায় আসামিকে সোপর্দ করা হয়।
হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার রীমা মায়ের সঙ্গে গত ১৬ জুলাই নানার বাড়ি পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর গ্রামে বেড়াতে যায়। পরদিন রাতে সে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। ভোরের দিকে পুকুরপাড়ে বড়ই গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সুরতহাল করার সময় তার শরীরে গণধর্ষণের আলামত পাওয়া যায়। ময়নাতদন্তেও গণধর্ষণের আলামত পাওয়া গেছে বলে সিভিল সার্জন ডা. মো. হাবীবুর রহমান সাংবাদিকদের জানান।
