চট্টগ্রামের ছয়টি আসনে বিএনপির দ্বিতীয় সারির নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতায়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগর ও জেলার অন্তত ছয়টি আসনে বিএনপির দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আসছেন। গত রবিবার মনোনয়ন বাছাইয়ের ফলে বিভিন্ন কারণে ওই সকল আসনের সম্ভাব্য প্রার্থীগণের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দের মতে, বিএনপির সার্বিক অবস্থা বিবেচনা করে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় যোগ্য প্রার্থীর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পান ওই আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। কিন্তু বিল খেলাপির কারণে তার মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়ে। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপীল করেছেন। আপীলে মনোনয়ন ফিরে পাওয়া না গেলে পরবর্তী দ্বিতীয় পর্যায়ের একজন বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জানা যায়।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী। কারাগারে আটক থাকা আসলাম চৌধুরী ঋণ খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়। উক্ত আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পুলিশের প্রাক্তন আইজিপি এবং সাবেক মন্ত্রী এল. কে সিদ্দিকীর ভাই এওয়াইবি সিদ্দিকী ধানের শীষে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়। বিগত ওয়ান ইলেভেনের সময় দায়েরকৃত মামলায় তার সাজা হওয়ার প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল হয়। যদিও ওই সাজা ইতোমধ্যে স্থগিত ও তিনি জামিনে থাকার প্রেক্ষিতে মনোনয়ন ফিরে পাওয়ার লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে আপীল করেছেন। চট্টগ্রাম-৫ আসনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. মোহাম্মদ ইব্রাহিম ধানের শীষের প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে আরো অন্তত দুইজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন।  চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির মূল মনোনয়ন প্রার্থী ছিলেন সামির কাদের চৌধুরী। ঋণ খেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। ফলে উক্ত আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন সিকদার। চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র ঋণ খেলাপির জন্য বাতিল হয়।  চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর মোর্শেদ খানের মনোনয়নপত্র খেলাপির অভিযোগে বাতিল হয়। ওই আসনে এরশাদ উল্লাহ নামে আরো এক বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান একমাত্র বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন।