চলতি বর্ষার ভরা মৌসুমেও সুজানগরে তীব্র মাছ সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ হাটবাজারে বিল ও নদীর মাছের তেমন দেখা মিলছে না।
উপজেলায় ঐতিহাসিক গাজনার বিলসহ ১৫/২০টি ছোটো-বড়ো খালবিল রয়েছে। তাছাড়া পাশেই রয়েছে পদ্মা নদী। অন্যান্য বছর উপজেলার খালবিলে বর্ষার নতুন পানি আসার পর সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাটবাজারে রুই, কাতলা, মৃগেল এবং বোয়ালসহ দেশি প্রজাতির পর্যাপ্ত মাছ উঠতে দেখা গেছে। কিন্তু এ বছর আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হলেও হাটবাজারে বিল এবং নদীর তেমন কোনো মাছ চোখে পড়ছে না।
উপজেলার উলাট গ্রামের বিলপাড়ের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, শুষ্ক মৌসুমে এলাকার অসাধু মত্স্যজীবীরা উপজেলার খালবিল থেকে সেচে মাছ শিকার করে। এতে বিল প্রায় মাছশূন্য হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে বিলে নতুন পানি আসলেও আগের মতো মাছ পাওয়া যায় না। উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, সারা বছর বিলে যাতে মাছ থাকে এবার সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঐ সব অসাধু মত্স্যজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
