নরসিংদীর রায়পুরায় গৃহবধূ মরিয়ম আক্তারকে (১৯) শ্বাসরোধে হত্যা ও গুমের সঙ্গে জড়িত তার স্বামীসহ সব আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে চর-আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন চর-আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব সরকারসহ অন্যরা। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা মো. শাহ আলম বাদী হয়ে রায়পুরা থানায় অভিযুক্ত স্বামী রাসেলকে আসামি করে হত্যা মামলা করেন।
