কৃষি খাতে ঋণ আদায় বেড়েছে

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:২৬

দেশে সামগ্রিকভাবে খেলাপি ঋণ বাড়লেও কৃষি খাতে বিতরণকৃত ঋণেখেলাপি কমেছে। গত ২০১৮-১৯ অর্থবছর শেষে দেশে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৭ কোটি টাকা, আগের ২০১৭-১৮ অর্থবছরে যা ছিল ৫ হাজার ৪০৭ কোটি টাকা। অর্থাত্ এক বছরের ব্যবধানে ১ হাজার কোটি টাকা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে দেখা যায়, গত অর্থবছরে (২০১৮-১৯) ব্যাংকগুলোকে সর্বমোট ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। অর্থবছর শেষে ব্যাংকগুলো বিতরণ করেছে ২৩ হাজার ৬১৬ কোটি টাকা। অর্থাত্ লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৮১৬ কোটি টাকা বেশি বিতরণ করেছে ব্যাংকগুলো। এরপরেও কিছু বেসরকারি ব্যাংক লক্ষ্যপূরণ করতে পারেনি। এর আগের ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলো ঋণ দেয় ২১ হাজার ৩৯৩ কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১০ দশমিক ৩৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, কৃষিঋণের প্রায় অর্ধেক দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন আট ব্যাংক। এই খাতের ব্যাংকগুলো বিতরণ করেছে ১১ হাজার ২৯২ কোটি টাকা। এই খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ১৪৯ কোটি টাকা। অন্যদিকে, বেসরকারি ও বিদেশি খাতের ৫২টি ব্যাংক বিতরণ করেছে ১২ হাজার ৩২৩ কোটি টাকা।

এককভাবে সবচেয়ে বেশি ৬ হাজার ১৩৩ কোটি টাকা কৃষি খাতে ঋণ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরে কৃষি খাতে বিতরণকৃত ঋণ থেকে আদায় করেছে ২৩ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের তুলনায় বেশি। আগের বছরে আদায় হয় ২১ হাজার ৫০৩ কোটি টাকা। আদায় বেশি হওয়ায় কৃষি খাতে খেলাপি ঋণ কমেছে। সংশ্লিষ্টরা জানান, কৃষি বা অন্য ছোট ঋণ আদায় বেশি হয়।