ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চর ভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার সপক্ষের সকলকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সদরপুরকে মডেল উপজেলায় গড়ে তুলব। তিনি আরো বলেন, ফরিদপুর-৪ আসনে জনগণ আমাকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত করে আমার ওপর উন্নয়নের দায়িত্ব চাপিয়ে দিয়েছে। জনগণের উন্নয়ন করে আমি সে ঋণ সোধ করার চেষ্টা করছি। তিনি বলেন, আজকে সদরপুর উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করার জন্য দায়িত্ব দেওয়ায় আমি খুশি। গতকাল রবিবার বিকালে এলজিইডির অর্থ বরাদ্দে প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. এ গফ্ফার মিয়া, ডেপুটি কমান্ডার মো. মোশার্রফ হোসেন, যুগ্ম কমান্ডার ডা. মহিউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক কমান্ডার আব্দুল জলিল হাওলাদার প্রমুখ। এমপি এর পর সদরপুর কলেজ মোড় হতে পিঁয়াজখালী-বালিয়াহাটি পর্যন্ত সড়কের প্রশস্তকরণ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। পরে তিনি ঢেউখালী ইউনিয়নের নীলেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
