বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলন করছে কর্মচারী সমন্বয় পরিষদ। আন্দোলনের ২৮তম দিন গতকাল রবিবার আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। কিন্তু কোনো ধরনের সমাধান ছাড়াই বৈঠক শেষ হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্মচারী সমন্বয় পরিষদ।
জানা যায়, গত মাসের ২৩ তারিখ থেকে তিন দফা দাবিতে আন্দোলন করছেন ‘কর্মচারী সমন্বয় পরিষদ’ নামে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের একটি সংগঠন। এর মধ্যে চলতি মাসের ১১ তারিখে ৬২তম সিন্ডিকেটে দাবিসমূহ পাশ হলেও এটিকে প্রহসনের নীতিমালা আখ্যা দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন কর্মচারীরা। কর্মচারীদের অভিযোগ, তিন দফা দাবির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৪ মাসের বকেয়া বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিলেও নীতিমালা পাশের ক্ষেত্রে চরম অসংগতি আছে।
কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, উপাচার্য আমাদের সঙ্গে বৈঠকে বসলেও তার সময়স্বল্পতার কারণে কোনো ধরনের সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তিনি সময় নিয়েছেন বিষয়টি সমাধানের জন্য। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
