মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এ ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা মনোয়ারুল হোসেন চঞ্চল, আজিমুল বারি লাভলুসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৩ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে বেলা ৩টা পর্যন্ত। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং তার ভাই সফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির একাংশের নেতাকর্মীরা অন্যদের সম্মেলনে আসতে বাধা দিচ্ছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সকাল দুপুর পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পথচারী নিহত, আহত ৩০