জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভয়ংকর মিথ্যা কথা বলেছেন প্রিয়া সাহা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকার অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নন। তাছাড়া এ ধরনের ভয়ংকর মিথ্যা দাবি বিশ্বাস করার মতো বোকাও নন তারা।
গতকাল রবিবার সজীব ওয়াজেদ জয় ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, গত নির্বাচনের পর আমি একটু বিরতি নিই, তাই এই পেজেও কম পোস্ট করা হয়। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কিছু বলা উচিত বলে মনে হলো। আপনারা হয়তো দেখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার ভয়ংকর ও মিথ্যা দাবি। উনি বলেছেন, বাংলাদেশ থেকে নাকি ৩ কোটি ৭০ লাখ ধর্মীয় সংখ্যালঘু ‘গায়েব’ বা ‘গুম’ হয়ে গেছে। ৪ কোটির কাছাকাছি যে সংখ্যাটি উনি বলেছেন, তা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যার ১০ গুণেরও বেশি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের সংখ্যার কাছাকাছি। এত মানুষ গুম হলো সবার অজান্তে; ৩ কোটি ৭০ লাখ মানুষ গায়েব হলো কোনো তথ্য-প্রমাণ ছাড়াই?
জয় লিখেছেন, প্রিয়া সাহাকে আমেরিকায় পাঠানো হয় বাংলাদেশে মার্কিন দূতাবাসের মনোনয়নে। অনেক সমালোচনার পর তারা এক বিবৃতিতে বলেছেন, অংশগ্রহণকারীদের কথাবার্তার ওপর তারা কোনো বিধিনিষেধ আরোপ করেন না। কিন্তু যখন তাদের একজন মনোনীত অংশগ্রহণকারী তাদেরই রাষ্ট্রপ্রধানের কাছে কোনো ভয়ংকর মিথ্যা বক্তব্য দিলেন, তাদের উচিত ছিল তাত্ক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো, যা তারা করেননি। তবে প্রিয়া সাহার মিথ্যা বক্তব্য যুক্তরাষ্ট্র বিশ্বাস করবে না বলে মনে করেন জয়। তিনি বলেন, সৌভাগ্যবশত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকার অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নন।
