জুলাই আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতারা।
এ ঘটনায় সবশেষ শনিবার (২৪ মে) বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মারজুক আব্দুল্লাহ।
এ সময় তিনি বলেন, তার দায়ের একটি মামলাকে পুঁজি করে সংগঠনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন ও মুখপাত্র সুমি হক মামলা বাণিজ্য করছেন।
মূলত এর আগে গত ১৪ মে ১৪৭ জন আওয়ামী লীগ নেতাসহ ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন মারজুক। জুলাই আন্দোলনে হামলার অভিযোগ তোলা হয় ওই মামলার। এই মামলা দায়েরের পর গ্রেপ্তার হয় মিজানুর নামের এক যুবক। পরে মিজানুরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মিজানুরকে আসামির তালিকা থেকে বাদ দিতে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিল মারজুক। টাকা দিতে না পারায় মিজানুরকে আসামি করা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ মে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। কারও বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। মারজুক আব্দুল্লাহ কোতোয়ালী মডেল থানায় যে মামলা করেছেন, সেটি তিনি ব্যক্তি হিসেবে করেছেন।
পরদিন ২০ মে মারজুক আব্দুল্লাহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এর পদ থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ স্থগিত করেন সংগঠনের জেলা আহবায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র।
এ ঘটনার পর পাল্টা জবাব দিতে শনিবার সংবাদ সম্মেলন করেন মারজুক।
এই সংবাদ সম্মেলনে মারজুক দাবি করেন, ভুল তথ্যের কারণে কিছু নিরীহ লোক মামলায় আসামি হয়েছেন। তাদের নাম মামলা থেকে বাদ দেওয়ার প্রলোভনে আহ্বায়ক সাবিব্বর বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিচ্ছেন। একেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ করেছেন মারজুক।
তিনি আরও অভিযোগ করেন, এক ছাত্রলীগ নেতার নাম বাদ দিতে তদবির করেছিলেন সংগঠনের মুখপাত্র সুমি হক। এই তদবিরে রাজি না হওয়ায় সংগঠন থেকে তার পদ স্থগিত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈছাআ জেলা আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, ক্ষোভের বশে মারজুক তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেননি বৈছাআ বরিশাল জেলা মুখপাত্র সুমি হক। এতে তার বক্তব্য জানা যায়নি।

মাছের আড়তে হামলা-লুট, সমন্বয়কদের বিরুদ্ধে মামলা