ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুজন বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খাদলা ইউনিয়নের শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে দুইজন আহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ' গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন ছররা গুলি ছোরা হয়। পরে তাদের মধ্যে দু'জনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য। এই সীমান্ত দিয়ে চোরাচালানি নিয়মিত বিষয়।
