অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায়: আমিনুল হক

আপডেট : ২৫ মে ২০২৫, ২১:২৬

‘স্বৈরাচারের মতো অন্তবর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলে তাদেরও ভয় লাগে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানি না, কেনো আপনাদের ভয় লাগে? কিসের ভয় আপনাদের? এদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মী আপনাদেরকে সমর্থন দিয়েছে।  দ্রুত সময়ের ভিতর আপনারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবেন। কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেনো জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। সংষ্কার ও বিচারের কথা বলে এবং নতুন নতুন অজুহাত সামনে দাড় করিয়ে দেন।’

নির্বাচন দিতে সমস্যা কোথায় অন্তবর্তী সরকারকে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, নির্বাচন দিতে আপনাদের সমস্যা কোথায়? এদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। আমরাও জানতে চাই। নির্বাচন প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এদেশের জনগণের মতামতের একটি প্রক্রিয়া। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। এদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে। সেই সাধারণ মানুষের যে প্রত্যশা গত ১৫ বছর যারা নতুন করে ভোটার হয়েছেন এবং এদেশের মানুষ- যারা ভোট দিতে পারে নাই। কিভাবে ভোট দিতে হয় তাও তারা জানে না। সেই মানুষ গুলো তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে। কিন্তু অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টা কিছু ষড়যন্ত্রকারী কিছু গণমাধ্যমের ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্রের বীজ বপন করে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে। 

দেশে কিছু হলেই বিএনপির উপরে দোষ চাপিয়ে দেয় একটি গোষ্ঠী মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশে কিছু হলেই- ভালো হোক আর মন্দ হোক- বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয়। বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করে। এদেশের জনগণের যে প্রত্যাশা-সে প্রত্যাশা পূরণের জন্য কাজ করে। 

রাষ্ট্রীয় সংষ্কারের জন্য ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপি এদেশের সাধারন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণেের লক্ষ্য নিয়ে কথা বলছে। বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ ভাবে সংষ্কার করা সম্ভব হবে। 

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএম