গৃহবধূকে বিদেশে পাঠিয়ে নির্যাতনের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে প্রতারণার ফাঁদে ফেলে বিদেশে পাঠিয়ে নির্যাতনের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে ঐ গৃহবধূর স্বামী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগটি দেন।

অভিযোগে ঐ গৃহবধূর স্বামী জানান, তিনি উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। উপজেলার নল পাথর এলাকার আসলাম মিয়া তার স্ত্রীকে ফুসলিয়ে নানারকম প্রলোভন দেখিয়ে কাজ করার জন্য বিদেশে পাঠানোর কথা বলে আসছিল। গত ৬ জুলাই সকাল ৭টার দিকে স্ত্রীকে বাসায় রেখে তিনি কর্মস্থলে চলে যান। কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্ত্রীকে বাড়িতে না পেয়ে তিনি আত্মীয়স্বজনের বাড়িসহ চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গত ১০ জুলাই তিনি লোকজনের কাছে জানতে পারেন প্রতারক আসলাম মিয়া তার স্ত্রীকে সুকৌশলে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে। গত ১৫ জুলাই সৌদি আরব থেকে ঐ গৃহবধূ তার স্বামীকে ফোন করে জানান, তাকে বিদেশে কোনো কাজ না দিয়ে একটি বদ্ধ ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। গৃহবধূর স্বামী গত ১৭ জুলাই প্রতারক আসলাম মিয়াকে তার স্ত্রীর সঙ্গে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসা করলে সে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে ঐ গৃহবধূকে দেশে নিয়ে আসার জন্য। তার কথামতো ঐ ব্যক্তি প্রতারক আসলাম মিয়াকে ২০ হাজার টাকা প্রদান করেন। টাকা দেওয়ার পরও প্রতারক আসলাম মিয়া ঐ গৃহবধূকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেফতার চার

রূপগঞ্জে পুলিশ ও র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পিতলগঞ্জ ও জিন্দা পার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পিতলগঞ্জ এলাকার হারুন ভান্ডারীর স্ত্রী মাদক ব্যবসায়ী ফরিদা বেগম ও তার ছেলে কাতামিন এবং ছিনতাইকারী মানিক মিয়া ও শ্যামল চন্দ্র দাস।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ফরিদা বেগম ও তার ছেলে কাতামিন পিতলগঞ্জ এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। শনিবার রাতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

অপরদিকে, মানিক মিয়া ও শ্যামল চন্দ্র দাস পূর্বাচল উপশহরের জিন্দা পার্ক এলাকায় একটি হোটেলের পেছনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২টি ছুরি ও ২টি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।