খুলনায় চলন্ত বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে আজহারুল (১৮) নামে ট্রাক চালক নিহত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের ঝিলেরডাঙ্গা নিঝুমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের আলমগীরের ছেলে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ইট বোঝাই ট্রাক নিয়ে নিহত আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ঝিলেরডাঙ্গা নিঝুমপুর নামক স্থানে তার ট্রাককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ট্রাকচালক আজহারুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত আজহারুলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
