অনিয়ম ও যৌন নিপীড়নের অভিযোগ

কালীগঞ্জের সেই প্রধান শিক্ষককে শোকজ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:১৩

অনিয়ম, অব্যবস্থাপনা আর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে শোকজ করেছে শিক্ষা অধিদপ্তর। রবিবার সকালে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল আহেদ।

জানা গেছে, গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঐ কারণ দর্শানোর নোটিশ পাঠায় গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে। নোটিশের অনুলিপি গাজীপুর জেলা প্রশাসক, ঢাকা অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেরণ করা হয়। 

এর আগে গত মে মাসে বিদ্যালয়ের ছাত্রীরা নিপীড়নকারী ঐ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতাও মিলে। ইউএনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনসহ জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেন।