আমাদের সেরা ক্রিকেট খেলার এটাই সেরা সময়: সিমন্স 

আপডেট : ২৭ মে ২০২৫, ১৪:২৯

ভুলে যাওয়ার মতো একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এগিয়ে থেকেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরেছে টাইগাররা।  অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকারই কথা বাংলাদেশ দলের। উলটো বেশ আত্মবিশ্বাসের সুর টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠে।

সোমবার (২৬ মে) লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হন সিমন্স। সেরা ক্রিকেট খেলার এটাই সেরা সময় উল্লেখ করে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘এটা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কিনা জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে এসেছি। যেকোনো সময়েই পাকিস্তান ভয়ংকর দল। সহজভাবে নেওয়া যাবে না। যেকোনো দিন তারা ভালো খেলতে পারে।’

তিনি আরও বলেন, ‘আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো করছে না। তবে পাকিস্তান তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার অনেক হতাশাজনক ছিল। তবে আমরা মানসিকভাবে চাঙ্গা আছি। মোরালি সব বেশ ভালো আছে। আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে।’

সদ্য শেষ হওয়া পিএসএলে খেলেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের অভিজ্ঞতা সহায়তা করতে পারে উল্লেখ করে সিমন্স বলেন, ‘হ্যাঁ, পিএসএলের অভিজ্ঞতা সহায়তা করতে পারে। আমরা এখানকার কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে কয়েকজন পিএসএল খেলেছে, শন (টেইট), মুশিরা (মুশতাক আহমেদ) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা নিতে পারবো এবং সিদ্ধান্ত নিতে পারবো।’ 

ইত্তেফাক/জেডএইচ