জ্ঞাত আয়ের উত্সবহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখল করার অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। মামলায় তাঁর বিরুদ্ধে ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়ের উত্সবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক ২০১৬ সালের ৮ আগস্ট সাবেক এই কাস্টমস কমিশনারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়। নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কমিশনের সচিব বরাবর ২০১৬ সালের ২৬ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। ওই সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে কমিশন প্রমাণ পায় যে শাহাবুদ্দীন নাগরী সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়ের উত্সবহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে দুদকে মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিল করেছেন।
