নরসিংদীতে রেলের জমি থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:০৮

নরসিংদীতে রেলওয়ের জমিতে অবৈধভাবে থাকা আরও প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। অভিযানের তৃতীয় দিন বুধবার (২৮ মে) বেলা ১১টা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। 

স্থানীয়রা জানান, প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল দীর্ঘদিন ধরে ঢাকা—চট্টগ্রাম রেলপথের জমি দখল করে রেখেছিলেন। পুরাতন মদনগঞ্জ রেলপথের পাশের রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন তারা। 

রেলওয়ে কর্তৃপক্ষ দফায় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন পরেই আবার নতুন করে স্থাপনা গড়ে তোলেন দখলদাররা। এতে রেলওয়ের পাশের সড়কগুলো সরু হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং আশেপাশের পরিবেশ ও সৌন্দর্য্য নষ্ট হয়। 

একাধিক নোটিশ ও প্রচারণার পরেও এসব অবৈধ স্থাপনা যথাসময়ে সরিয়ে না নেওয়ায় পর্যায়ক্রমে অভিযান শুরু করা হয়েছে বলে জানান রেলওয়ে কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। 

অভিযানের তৃতীয় দিন শহরের বাসাইল রেলক্রসিং এলাকায় অবৈধভাবে নির্মাণ করা টিনসেড ঘর ও দোকানপাটসহ অস্থায়ী সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। রেলওয়ের জমিতে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলের এই কর্মকর্তা।  

এর আগে গত ২৬ মে প্রথম দফায় এবং ২৭ মে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

ইত্তেফাক/এএম