শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট দেওয়া হবে না, জানাতে হাইকোর্টের রুল

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:৫১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। একইসঙ্গে শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট প্রদান করা হবে না—তা জানাতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও পাবনার সহকারী পরিচালকসহ চার জনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, পাসপোর্ট হারিয়ে গেলে শিমুল বিশ্বাস নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য আদালতের আশ্রয় নেন। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এম মাসুদ রানা।