রাতের আঁধারে চার সীমান্তে ৩৬ জনকে ‘পুশ ইন’ চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:৪৬

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৪টি সীমান্ত এলাকা দিয়ে ৩৬ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশ ইন চেষ্টা পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার জগতবেড় আমবাড়ী  সীমান্ত, পঁচাভান্ডার সীমান্ত, জোংড়া ধবলগুড়ি সীমান্ত এবং বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তে পুশ ইনের এ চেষ্টা চালায় বিএসএফ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ও ভোরে উপজেলার জগতবেড় আমবাড়ী সীমান্তের ৮৬০ মেইন পিলারের ৭/৮ সাব-পিলার এলাকায় দিয়ে ৪ পুরুষ, ৪ মহিলাসহ ৮ জনকে ভারতীয় বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। একই সময়ে জগতবেড় পঁচাভান্ডার  সীমান্তের ৮৬৪ মেইন পিলার দিয়ে ৪ জন পুরুষ, ৩জন মহিলাসহ ৭জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। একইভাবে জোংড়া ধবলগুড়ি সীমান্ত দিয়ে ৩ জন পুরুষ ও ২  জন মহিলাসহ মোট ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

অন্যদিকে বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮৮৫ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলার এলাকায় ভোরে নারী-শিশুসহ ১৬ জনকে ওই সীমান্ত দিয়ে ঠেলে দেয়ার চেষ্টা চালায় বিএসএফ। এ সময় স্থানীয় লোকজন ও বিজিবির প্রতিরোধের ব্যর্থ হয় বিএসএফ।

 

স্থানীয়রা জানান, বিভিন্ন সীমান্ত দিয়ে পার হয়ে আসা লোকজন সীমান্তে আসলে তাদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় লোকজন। এ সময় তারা জানায় বিভিন্ন সীমান্তের কাঁটা তারের বেড়ার গেইট খুলে তাদের পুশ ইন করে বিএসএফ।

এ বিষয়ে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিভিন্ন সীমন্তে বিএসএফ লোকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা তা হতে দেইনি। হাতীবান্ধা সীমান্তেও ২৮ জনকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ইত্তেফাক/এপি