১৫ মামলার পলাতক আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 

আপডেট : ২৮ মে ২০২৫, ২০:২০

আগ্নেয়াস্ত্রসহ ১৫ মামলার পলাতক আসামি আব্দুল হামিদ (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত আবদুল হামিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে স্থানীয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেপ্তার করা ছিল পুলিশের জন্য চ্যালেঞ্জ। গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত এখলাস মিয়ার পুত্র। 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ মে) ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নের বুধপাড়া মাইজপাড়ায় তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিনটি তাজা কার্তুজ, তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি টিপ ছোরা জব্দ করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদ নূর জানান, হামিদের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। সে সংঘবদ্ধ ডাকাত ও সন্ত্রাসী দলের নেতা। পুলিশ তাকে অনেকদিন থেকে খুঁজছিল।

ইত্তেফাক/এএম