দেশে খাদ্য মজুত গত বছরের চেয়ে ৩ লাখ টন বেশি: খাদ্য উপদেষ্টা

আপডেট : ২৮ মে ২০২৫, ২০:৩৩

দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক আছে বলে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আজকের দিনে খাদ্য মজুদ আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি।

বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা একটা ফষলের উপর নির্ভরশীল নয়। আউশ, আমন, বোরধান চাষ করে থাকি। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।

আলী ইমাম মজুমদার আরও বলেন, অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ইতোমধ্যে সারাদেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমরা আশাবাদী আমাদের সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম। খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদির, মুয়েদুর রহমান হুমায়নসহ শেরপুর, নেত্রকোনা, জামালপুরের জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এপি