সরকারের মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরানোর চিন্তা-ভাবনা চলছে। কয়েক সপ্তাহ ধরেই এমন গুঞ্জন চলছিল। এরই মাঝে খবর ছড়ায় গতকাল ফারুককে নাকি ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার কথা বলেছেন। তবে পদত্যাগ করতে বলেননি বলে জানিয়েছেন বিসিবি প্রধান।
বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে ফারুক বলেন, ‘পদত্যাগ করতে বলেনি। আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে। পদত্যাগের কথা বলা হয়নি। যার যার মতো লিখছেন, লিখতে থাকুন।’
তবে পদত্যাগ করতে না বললেও সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া এখন যথেষ্ট কঠিন হয়ে উঠেছে ফারুকের জন্যে। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর থেকে ফারুকের পথ আরও কঠিন হয়ে গেছে।
নতুন খবর অনুযায়ী, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আইসিসিতে কর্মরত বুলবুল পারিবারিক কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিসিবির সভাপতি হওয়া প্রসঙ্গে বুলবুল বলেন, ‘কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। এটা নিয়ে কিছু বলতেও চাইছি না।’
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বিসিবিতে আসে নতুন নেতৃত্ব। ফারুক এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। এনএসসির কোটায় আসায় এই বিষয়ে সরকারের হস্তক্ষেপের সুযোগ বেশি রয়েছে। যদি ফারুক নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতেন, তাহলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে সরানো এত সহজ হতো না।
