ভূপাতিত রাফাল নিয়ে তদন্তে ফ্রান্স, তথ্য চেয়েছে ভারতের কাছে

আপডেট : ২৯ মে ২০২৫, ১৬:২৯

পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করছে।

প্যারিসে নিয়মিত সংবাদ সম্মেলনে ফরাসি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল গুইলাম ভার্নেট বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সরাসরি তথ্য সংগ্রহের জন্য ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি আরও জানান, রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি এখনও নিশ্চিত নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিমান ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

পাকিস্তানের দাবি সঠিক হলে ২০ বছর আগে চালু হওয়া রাফালের ভূপাতিত হওয়ার প্রথম ঘটনা হবে এটি। ছবি: সংগৃহীত

এর আগে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, ৭ মে রাতে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০। যদি পাকিস্তানের এই দাবি সত্যি হয়, তবে প্রায় ২০ বছর আগে রাফাল যুদ্ধবিমান চালু হওয়ার পর এই প্রথমবার এটি ভূপাতিত হলো। ভারত এখনো পাকিস্তানের এই দাবি নিশ্চিতও করেনি, অস্বীকারও করেনি। কেবল ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধের একটি অংশ।’

২০১৬ সালে ভারতের সঙ্গে ফ্রান্সের একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত রাফাল যুদ্ধবিমান কেনে। ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় এই যুদ্ধবিমান একটি মুখ্য ভূমিকা পালন করছে। 

এই ঘটনার পরপরই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাকিস্তান অন্তত একটি রাফাল ভূপাতিত করেছে এবং তারা একাধিক রাফাল গুলি করেছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। ফ্রান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার পর এই ঘটনার আন্তর্জাতিক গুরুত্ব আরও বেড়েছে।  তথ্যসূত্র: সিএনএন

 

ইত্তেফাক/টিএস