কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৪৫ এর পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
পুশ ইন হওয়া ৯ ব্যক্তিরা হলেন, বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম। তাদের সবার বাড়ি ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৪৫ এর পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা মেইন পিলার থেকে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর সীমান্ত এলাকায় তাদের উদ্ধার করে। সবশেষ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ বাংলাদেশিকে পুশ ইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, পুশ ইন হওয়া ৯ জনকে বিজিবি উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে সবার পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

