বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে এই দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় আল-আমিনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাটি লক্ষ্মীপুর গ্রামে। পিতার নাম মোহাম্মদ গফুর মোল্লা। তিনি পেশায় দর্জি ছিলেন এবং পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।
আল-আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী বাবুল রেজা জানান, বৃহস্পতিবার রাতের দিকে সচিবালের বিপরীত পাশে মালিক শাহ মাজারের সামনের রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে আল আমিন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
