ফরিদগঞ্জ-রূপসা সড়ক বেহাল, জনদুর্ভোগ চরমে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩২

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

উপজেলার পূর্বাঞ্চলের সাথে উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ একটি সড়ক ফরিদগঞ্জ-রূপসা সড়ক। সড়কের বেহাল দশার কারণে জনদুর্ভোগের যেন শেষ নেই। বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। সাধারণ মানুষ জানান, সড়ক তো নয় যেন মরণ ফাঁদ। পূর্বাঞ্চল রূপসা, খাজুরিয়া, লাউতলী আষ্টা, গুপ্টি, গল্লাক এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত উপজেলা সদর, জেলা সদরসহ পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় যাতায়াতের জন্য প্রধান সড়ক হিসাবে করে। এ ছাড়াও ফরিদগঞ্জ থেকে খুব সহজে হাজিগঞ্জ ও রামগঞ্জ উপজেলার যাতায়াতের একমাত্র সড়ক। কিন্তু দির্ঘদিন যাবত্ এ সড়কটি ভেঙে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র, কয়েকটি প্রাইভেট হাসপাতাল উপজেলা সদরে অবস্থিত। এ সড়কের বেহাল দশার কারণে এ সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ পথচারী। এ সড়কে চলতে গিয়ে জনসাধারণের কাছ থেকে পরিবহন মালিকরা আদায় করে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে করে বিপাকে পড়ছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের।

দীর্ঘদিন অবহেলিত সড়কটিতে ১৫ লাখ টাকা বরাদ্দে দায়সাড়া গোছের হাল-চাষ দিয়ে সংস্কার কাজ দেখালেও কাজের কাজ কিছুই হয়নি। বিশেষ করে উপজেলা সদর থেকে প্রবেশপথে অল্প ক’গজ পিছন দিয়ে মেরামত দেখিয়ে বাকি সড়কটিতে মূলত চাষ দিয়ে মই দেওয়া হয়েছে। সড়কটির এ দুরবস্থা বিরাজ করলেও এলাকার জনদুর্ভোগ লাঘবে প্রচেষ্টা নেই জনপ্রতিনিধিদের। তাই জনগণের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।  উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, ফরিদগঞ্জ হতে রূপসা হয়ে গঙ্গাজলী ব্রিজ পর্যন্ত ৫.৭৪ কি.মি. সড়কের মেরামত কাজের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। টেন্ডার সম্পন্ন হলে অচিরেই কাজ শুরু হবে।