পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে উচ্ছ্বসিত নেইমার-এমবাপ্পে 

আপডেট : ০১ জুন ২০২৫, ১৬:৪৪

এক চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে কত কিছুই না করেছে পিএসজি। রেকর্ড ট্রান্সফারে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভিড়িয়েছিল। শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখতে তার সঙ্গে পিএসজি দলে টেনেছিলেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকেও। তবুও সেই শিরোপা ছিল অধরা।

এমবাপ্পে-মেসি-নেইমার যা পারেননি, তাই করে দেখিয়েছে লুইস এনরিকের তারুণ্য নির্ভর দল। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে প্যারিসের জায়ান্টরা। শনিবার (৩১ মে) মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেই অধরা শিরোপা নিজেদের করে নিয়েছে পিএসজি। 

সাবেক ক্লাবের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমবাপ্পে ও নেইমার। পিএসজি ছেড়ে বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলছেন ফরাসি তারকা এমবাপ্পে। পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ইন্সটাগ্রাম স্টোরিতে ভিডিও দিয়ে লিখেছেন, 'অবশেষে বড় দিন আসলো। বিজয় এবং তার সঙ্গে পুরো ক্লাবের মর্যাদা। অভিনন্দন, পিএসজি।'

পিএসজির সাবেক দুই ফুটবলার নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

অন্যদিকে, পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন তিনি। পিএসজির জয়ের মুহূর্ত স্পর্শ করেছে নেইমারকেও। হাত তালির ইমোজি ব্যবহার করে এই ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, 'অভিনন্দন পিএসজি।'

ইত্তেফাক/জেডএইচ