পাহাড়ি ঢলে বাড়ছে জুড়ী নদীর পানি, মৌলভীবাজারে বন্যার শঙ্কা

আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:১৬

মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিপদসীমা অতিক্রম করেছে জুড়ী নদীর পানি। ইতোমধ্যে হাকালুকি হাওর পারের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধিতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। 

টানা তিনদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়কে দেখা যায় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, রোববার দুপুর ১২টা থেকে জুড়ী নদীর পানি বিপদসীমার ১৪১ সেন্টিমিটার (১০.৩৪ মিটার) ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন দেখা যায়, কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জুড়ী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে সীমান্তবর্তী ও হাকালুকি হাওর এলাকায় বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

উপজেলার কলেজ রোডসহ এলাকার বেলাগাও, নয়াগ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ছোট বড় মাছের খামারে পানি বেড়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন খামারিরা। এছাড়াও উপজেলার বেশ কয়েকটি এলাকার গ্রামীণ সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ।

জুড়ীর দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ‘জুড়ী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে নজরদারি করছি। তবে বিকালের দিকে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

ইত্তেফাক/এমএম/এএইচপি