লক্ষ্মীপুরে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্রী শাখার ক্যাম্পাসে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, ন্যাশনাল আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম, জহিরুল ইসলাম প্রমুখ।

আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় জেলার ৫টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪০০ জনকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন সদর উপজেলার চৌপল্লীর হলি চাইল্ড স্কুলের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম। পরে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্তদের মাঝে প্রথম পুরস্কার ল্যাপটপসহ ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক বিতরণ করেন।