সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:৩১

খ) মনে করো, তুমি নাফীস। দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন স্কুল প্রতিনিধি। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।

 

“গাছের সঙ্গে ধাক্কায় দুইফালি হলো বাস। নিহত ৬”

 

বাগেরহাট স্কুল প্রতিনিধি।।

বাগেরহাটের খুলনা মাওয়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাস চালকসহ ৬ জন নিহত এবং অপর আরো ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল  সোমবার সকালে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গায় বাসটির একটি চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এর ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসচালক রূপসা উপজেলার নৈহাটি গ্রামের আবু বকরের ছেলে ফরহাদ হোসেন (৪৫), বাসের হেলপার একই উপজেলার পাচানি গ্রামের আব্দুস সামাদের ছেলে সুমন মিয়া (২৩), বাসের যাত্রী বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে হেকমত আলী বিশ্বাস (৪৫), একই উপজেলার আড়পাড়া গ্রামের ইশরাত মল্লিকের ছেলে লিটু মল্লিক (৩০), ফকিরহাটের বেলতলি গ্রামের সেলিম শেখের স্ত্রী হোসনে আরা বেগম (৩০) এবং সড়কের পাশে কর্মরত নির্মাণ শ্রমিক কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের আব্দুল কাদের সর্দারের ছেলে আব্দুল কুদ্দুস সর্দার (৬০)। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাটের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ এবং বাকি ৩ জনকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদ হাসান জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে বাগেরহাট ও ফকিরহাটের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং পরে ফকিরহাট হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার বলেন, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, অদক্ষ চালক, মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ না থাকায় এ জাতীয় দুর্ঘটনা ঘটছে।

মো. নাফীস আখতার

বারাজান এসসি উচ্চবিদ্যালয়,স্কুল প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক

বাগেরহাট, খুলনা।

তারিখ: ২৩ জুলাই, ২০১৯।

[বি. দ্র. উল্লেখিত প্রতিবেদনটি গত ১৯ মে, ২০১৯ রবিবার দৈনিক ইত্তেফাকের শেষের পাতায় প্রকাশিত হয়েছিল। সেটি হুবহু তুলে ধরা হলো]