গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে তাদের নিজ শয়ন ঘর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল মিয়া রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, রাসেল ও জুঁই খাতুনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় তিন মাস আগে তাঁদের বিয়ে হয়। এরপর তাদের দাম্পত্য জীবনে কোন দ্বন্দ ছিল বলে সবাই জানতো।
রাসেলের মা রাশিদা বেগম জানান, গতকাল সোমবার রাতে তারা খাবার খেয়ে নিজ ঘরে ঘুমান। মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতর উঁকি দিয়ে দেখেন ঘরের বাঁশের আড়ার সঙ্গে রাসেল ও তার স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাসেল ও জুঁইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
