দীপিকার বিরুদ্ধে ভক্তরা!

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:০৯

তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসাটা গভীর হলে তাদের তাদের নেতিবাচক বিষয়ের সমালোচনাও সেই ভক্তরাই করেন। এমনই এক পরিস্থিতিতে পড়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বলিউডে বর্তমানে দীপিকার অবস্থান শীর্ষে। তাই অন্য অনেক নায়িকার চেয়ে তার ভক্তের সংখ্যাটাও যেমন বেশি তেমনি দায়বদ্ধতাও বেশি। তাই ভক্তদের সবসময়ের প্রত্যাশা নিজের প্রিয় নায়িকাকে সব ভালো কাজে দেখা। সেই জায়গাটা যখন ঠিক না থাকে তখন সমালোচনারও মুখোমুখি হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাশট্যাগ নট মাই দীপিকা’ লেখার মাধ্যমে তার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ নিয়ে সমালোচনা চলছে।

পরিচালক লব রঞ্জনের সিনেমায় দীপিকা অভিনয় করবেন শুনে রেগে গিয়েছেন তার অনুরাগীরা। এমন পরিচালকের সঙ্গে কাজ দীপিকার ইমেজে একটি কালো দাগ বলে মনে করছেন তারা।

লব রঞ্জনকে নিয়ে আপত্তির কারণ এই পরিচালকের নাম ‘মিটু’ বিতর্কে জড়িয়েছিল। এছাড়া পরিচালকের বাণিজ্যিকভাবে সফল সিনেমা ‘সোনু কে টিটু কী সুইটি’, ‘পেয়ার কা পঞ্চনামা’ নিয়ে এক ধরনের সমালোচনা শোনা যায়। নারীবিদ্বেষী, মেয়েদের প্রতি অপমানসূচক মন্তব্য, স্থুল ব্যঙ্গে ভরা থাকে এই সব সিনেমার সংলাপ। তাই দীপিকার মতো অভিনেত্রী এই পরিচালকের সিনেমায় অভিনয় করবেন এমনটা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। লবের আগামী ছবিতে রণবীর কপূরের বিপরীতে জুটি বাঁধার কথা দীপিকার।