এবার টরন্টো চলচ্চিত্র উত্সবে ‘মীনালাপ’

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:১০

এবার কানাডার চলচ্চিত্র উত্সবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ‘৩য় মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল’-এ আগামী ২৮ জুলাই প্রদর্শনী হবে সূবর্ণা সেঁজুতি পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি আমার জন্য বেশ আনন্দের খবর। এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক উত্সবে ‘মীনালাপ’ প্রশংসিত হয়েছে। এবারও আশা করছি ভালো একটা অভিজ্ঞতা হবে।’

ভারতে পুনেতে ফিল্ম নিয়ে ডিপ্লোমা করার সময় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেন সেঁজুতি।

ভারতের বিভন্ন জায়গা থেকে জীবিকার জন্য পুনেতে বাস করেন অনেকেই। সেঁজুতি চলচ্চিত্রে দেখা যায়, বাংলাদেশি এক দম্পতি পুনেতে গার্মেন্টসে কাজ করেন। ২৮ মিনিটের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে এই দম্পতির সংগ্রামী জীবনের বাস্তবতা এবং স্বপ্ন নিয়ে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রযোজনায় নির্মিত।

এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এই সিনেমাটি। ২১তম ইসমাইলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেঁজুতির ‘মীনালাপ জিতেছে জুরি অ্যাওয়ার্ড। এছাড়াও কলকাতায় দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবে মীনালাপ জিতে ‘ঋত্বিক ঘটক স্বর্ণপদক’। নেপাল আন্তঃরাষ্ট্র চলচ্চিত্র উত্সবে মীনালাপ ‘মাউন্ট এভারেস্ট’, ইউরেশিয়া ফিল্ম ফেস্টিভালে গ্র্যান্ডপ্রিক্স, তাজিকিস্তানে ক্রিটিক অ্যাওয়ার্ড, শিলিগুড়ি ও মুম্বাই চলচ্চিত্র উত্সবে পুরস্কার জিতে নেয়।

নির্মাতা সুবর্ণা সেঁজুতি জড়িত ছিলেন মঞ্চ নাটকে। এছাড়াও সাংবাদিকতা, টেলিভিশনে উপস্থাপনা আর স্ক্রিপ্ট গ্রন্থনার কাজও করেছেন। পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ফিল্ম ডিরেকশন ও স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন।