চার বছর বয়সী শিশুটির পরিবারের সন্ধান চায় ডিএমপি

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:১৪

পথ হারিয়ে ফেলা নুসরাত নামের চার বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। সোমবার (২ জুন) কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার বাসিন্দা জনৈক মো. জাহাঙ্গীর আলম শিশুটিকে কাফরুল থানায় হস্তান্তর করেন।

পুলিশ জানায়, সোমবার দুপুর ২টার দিকে মো. জাহাঙ্গীর আলমের বাসায় শিশু নুসরাত চলে আসে। পরে জাহাঙ্গীর আলম শিশুটিকে কাফরুল থানায় হস্তান্তর করেন। তবে কীভাবে সে ওই বাসায় গেল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

শিশুটির গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ২ ফুট। ঘটনার সময় তার পরনে ছিল অফ-হোয়াইট রঙের ফ্রক ও প্যান্ট। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের নাম ফাতেমা বলে জানায়, তবে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি। 

বর্তমানে নুসরাত তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নম্বর: ১৫৫। 

নুসরাতের পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। 

ইত্তেফাক/এমএস